নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিম চরের একঝাঁক স্বপ্নবাজ তরুণদের সেবামূলক সংগঠন ‘মানবতার সেবায় আমরা ২০২০’-এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১৭ রমজান দিবাগত রাতে ৬নং ওয়ার্ডের প্রায় অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকায় নীরবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষের মুখে হাসি ফোঁটাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। রাতের আঁধারে মানুষের ঘরে ঘরে গিয়ে উপহার পৌঁছে দেওয়ার মাধ্যমে সংগঠনটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, সয়াবিন তেল, চিনি, লাচ্ছি সেমাই, বাংলা সেমাই, গুঁড়ো দুধ, নুডলস এবং পেঁয়াজ।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সোহেল বেপারী, সাংগঠনিক সম্পাদক সজীব বাদশা, কার্যনির্বাহী সদস্য আশরাফুল ও সাইফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় সংগঠনের সভাপতি সোহেল বেপারী বলেন, "আমরা একঝাঁক তরুণ স্বপ্ন দেখি একটি মানবিক সমাজের। প্রতি বছরের মতো এবারও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"