দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের মুকসুদপুর ডাকবাংলো এলাকায় মোটরসাইকেল পার্কিং এর নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ঈদকে সামনে রেখে প্রতি বছর পার্কিং এর নামে এমন চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ মোটরসাইকেল চালক ও স্থানীয় দর্শনার্থীদের।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শনার্থী বলেন, এটি সরকারি জায়গা এখানে ঘুরতে আসেন হাজারো মানুষ। প্রশাসনের অনুমতি নিয়ে ২০/৩০ টাকা পার্কিং ফি নিতে পারে। কিন্তু ১০০ টাকা এটি চাঁদাবাজির সামিল।
অপর এক দর্শনার্থী শিক্ষার্থী বলেন, এখানে পার্কিং এর বাইরে গাড়ি রাখলেও অনেকে টাকা দাবি করে। এতো চাঁদাবাজি। আমরা এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় ও ফুলতলা পুলিশ ফাঁড়িকে ম্যানেজ করে পার্কিং জোন বসানো হয়েছে। তবে পার্কিং এর দায়িত্বে থাকা কয়েকজন যুবকের বক্তব্য নিতে চাইলে বলেন, এখানে আমাদের খরচ বাবদ ঈদ উপলক্ষে এই টাকা নেয়া হচ্ছে।
ফুলতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বক্তব্য নিতে রাত ৮টা ১১ মিনিটে একাধিক ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এব্যাপারে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাঈদুল ইসলাম বলেন, সরকারি জয়গায় অনুমতি ছাড়া পার্কিং এর নামে টাকা নেয়া আইন বহির্ভূত। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।