দোহার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলার খালপাড় কবরস্থানে লাশ দাফন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার যুবক আহত হয়েছেন| বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে|
আহতরা হলেন উপজেলার ঘাটা এলাকার হৃদয় হোসেন (২০), মুস্তাক আহমেদ (১৯), সাইফুল ইসলাম (১৯) ও সিয়াম হোসেন (১৮)|
আহত হৃদয় হোসেন ও সাইফুল ইসলাম জানান, উপজেলার দোহার ঘাটা এলাকার এক নারী বৃহস্পতিবার ভোর রাতে মারা যান| দুপুরে তার লাশ দাফনের জন্য খালপাড় কবরস্থানে কবর খননের কাজ চলছিল| তবে টানা বৃষ্টির কারণে কবর খননে বিঘ্ন সৃষ্টি হওয়ায় কবর ঢেকে রাখার উদ্দেশ্যে একটি বড় লোহার ফ্রেমে বাঁধা ত্রিপল আনার উদ্যোগ নেওয়া হয়| ফ্রেমটি বহন করার সময় অসাবধানতাবশত ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে লোহার ফ্রেমের সংস্পর্শ ঘটে| এতে মুহূর্তেই চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন|
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান| সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের চিকিৎসা দেন| গুরুতর আহত মুস্তাক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে|