
নিজস্ব প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে কিস্তির টাকার জন্য স্ত্রীর কাছে লাঞ্ছিত হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রাফি (২৮) নামে এক রিক্সাচালক। মঙ্গলবার দুপুরে উপজেলার নতুন বান্দুরা এলাকায় ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রাফি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বড়শ্রীবদ্ধি গ্রামের আবু মাতবরের ছেলে। সে নতুন বান্দুরা মো. হাকির বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ উঠিয়ে প্রতিবেশিকে দিয়েছিলেন রাফির স্ত্রী রাজিয়া। বিনিময়ে পেয়েছিলেন ২ হাজার টাকা। প্রতিবেশি সে টাকা নিয়ে পালিয়ে গেলে কিস্তির টাকার জন্য স্বামীকে চাপ দিতে থাকেন স্ত্রী। এনিয়ে বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় স্বামীকে জুতাপেটা করেন স্ত্রী। রাতে একাই বাসায় ছিলেন রাফি। দুপুরেও ঘুম থেকে না উঠায় প্রতিবেশিরা ডেকেও সারা না পেয়ে ঘর ভেঙে রাফিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply